বেনাপোলে বেশি মূল্যে বিক্রি হচ্ছে ম্যাপ পরচা
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫০
সীমান্তবর্তী উপজেলা শার্শা সেটেলমেন্ট অফিসে সরকারি নিয়ম উপেক্ষা করে মৌজা ম্যাপ ও পরচা বিতরণ করে জমির মালিক ও সাধারণ কৃষকদের নিকট থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এ অফিসের দায়িত্বরত রেকর্ড কিপার ও অফিস পিওন জমির মালিকদের নিকট থেকে প্রতিটি মৌজা ম্যাপ ৩৫০ টাকার পরিবর্তে ৪০০ টাকা এবং প্রতিটি প্রিন্ট পরচা ৬০ টাকার পরিবর্তে ১০০ টাকা হারে বিক্রি করছে। অতিরিক্ত টাকা দিতে না চাইলে তাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রাখা হচ্ছে।
এ উপজেলার ৪৮নং বেনাপোল, ৮৬নং গয়ড়া, ৯০নং বড়আচড়া ও ৯৬নং রাজাপুর মৌজার অধীনে প্রায় লক্ষাধিক জমির মালিকদেরকে মৌজা ম্যাপ ও প্রিন্ট পরচা বিতরণ করে অতিরিক্ত লাখ লাখ টাকা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম-দুর্নীতি সম্পর্কে এ অফিসের দায়িত্বরত আকরম হোসেনের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন সেটেলমেন্ট কর্মকর্তার সাথে কথা বলতে। পরে দায়িত্বরত সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা ফারুকুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের বিষয় জানা নেই। তবে কৃষকরা অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।