পার্বতীপুরে আধাবেলা হরতাল পালিত

জেলার পার্বতীপুরে গতকাল রবিবার সকাল ৬টা থেকে ছাত্রদল ও যুবদলের ডাকা আধাবেলা হরতাল পালিত হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদের ছুরিকাঘাতে নিহত যুবদলের ৬নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবুলের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ হরতাল আহ্বান করা হয়। উল্লেখ্য, নিহত বাবুলের স্ত্রী শিউলী বেগম বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখসহ মোট ২০/২২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পার্বতীপুর মডেল থানার ওসি শওকত আলী বলেন, অভিযুক্তদেরকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। উপজেলা শহরের বিভিন্ন এলাকায় গতকাল সকাল থেকে হরতাল সমর্থকরা ব্যারিকেড ও অগ্নিসংযোগ করে রাস্তা অবরোধ করে বাস-ট্রাকসহ সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয়। বন্ধ থাকে উপজেলা শহরের সব ধরনের দোকানপাট। হরতালকারীরা বিভিন্ন এলাকায় পিকেটিং ও খণ্ড খণ্ড মিছিল করেছে। হরতাল চলাকালে ট্রেনের হুইসপাইপ কাটা ও রেল স্টেশনের অফিস ভাংচুর করে পিকেটাররা। এ সময় হরতাল সমর্থনকারীরা কন্ট্রোল রুমের চাবি নিয়ে যাওয়ায় দুপুর ২টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। হরতাল সমর্থকরা গতকাল সকালে উপজেলা পরিষদের একটি জিপ গাড়ি, রেলস্টেশনের ৬টি কক্ষের কাঁচসহ শহরের বিভিন্ন স্থানে কয়েকটি যানবাহন ভাংচুর করে। হরতালে সহিংস ঘটনায় পার্বতীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।