নারিন্দার হ্যাটট্রিক শিরোপা সানিডেইলের পুনরুদ্ধার
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৬
গতকাল হ্যান্ডবল মাঠে খুদে খেলোয়াড়দের একটা উত্সবই হয়ে গেছে বলা যায়। কারণ বালক-বালিকা ফাইনালের দুটি খেলায় আনন্দের বাড়তি মাত্রা যোগ করেছে। বালক বিভাগে হ্যাটট্রিক শিরোপা জয় করেছে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়। নারিন্দার এটি দ্বিতীয় হ্যাটট্রিক। এই শিক্ষা প্রতিষ্ঠানটি ২০০৪-২০০৮ মৌসুমে প্রথম হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলেছিল। ২০০৯ সালে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ শিরোপা নিয়ে গিয়েছিল। ভালো খেলে আবার তারা হ্যাটট্রিক শিরোপা পেয়েছে। গতকাল হ্যান্ডবল মাঠে পোলার আইসক্রিম স্কুল হ্যান্ডবলের বালক ফাইনালে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ২৬-১৬ গোলে সেন্ট গ্রেগরীজ হাই স্কুলকে হারায়। চ্যাম্পিয়ন দলের জাকির ১১টি ও মনির ৮টি গোল এবং রানার্সআপ দলের সুজন ৬টি ও আকাশ ৫টি গোল করেন।
একই মাঠে বালিকা ফাইনালে শিরোপা ফিরে পাওয়ার আনন্দ করেছে সানিডেইল। ২০০৮ সালের চ্যাম্পিয়ন সানিডেইল টানা তিনটি ফাইনাল খেলেও শিরোপা জয় করতে পারেনি। তিনবারই স্কলাসটিকার কাছে হেরে রানার্সআপের ট্রফি নিয়ে ফিরেছে। এবার তারা টানা চতুর্থবারের মতো ফাইনালে উঠে তাদের শত্রু সেই স্কলাসটিকাকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে। ফাইনালে সানিডেইল ১৪-২ গোলে স্কলাসটিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সানিডেইলের আরোয়া ইয়াসমিন ও রামিশা স্যামস ৫টি করে এবং স্কলাসটিকার বুশরা ২টি গোল করেন।
নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ের মনির এবং সানিডেইলের আরোয়া ইয়াসমিন সেরা খেলোয়াড় হয়েছেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পোলার আইসক্রীমের পরিচালক খন্দকার তৌহিদুজ্জামান। উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নূরুল ফজল বুলবুল। সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বালক বিভাগের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম হাবিব, বালিকা বিভাগের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিসেস হামিদা বেগম এবং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক সেলিম মিয়া বাবু।