ভারত সফর
লেহম্যানকে ছাড়াই আসছে অস্ট্রেলিয়া, নিশ্চিত নন ক্লার্কও
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৭
আগামী মাসে ভারতে ওয়ানডে সিরিজে দলের সঙ্গে আসছেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ ড্যারেন লেহম্যান। এছাড়া অধিনায়ক মাইকেল ক্লার্কের আসা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। যদি শেষ পর্যন্ত আসতে নাই পারেন তাহলে কোচকে নিয়ে দেশে বসেই ফিরতি অ্যাশেজ সিরিজের প্রস্তুতি শুরু করবেন ক্লার্ক। ইংল্যান্ডে গত মাসে শেষ হওয়া অ্যাশেজ সিরিজের প্রথম পর্যায় শুরু হবার কয়েকদিন আগে মিকি আর্থারের স্থলাভিষিক্ত হন লেহম্যান। সিরিজে অস্ট্রেলিয়ার ৩-০ ব্যবধানে পরাজয়ের পর ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রডের সঙ্গে তর্কযুদ্ধে জড়িয়ে সমালোচিত হন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য এই বাঁহাতি। তবে তার এই বিশ্রামের কারণ সম্পর্কে কোন মন্তব্য করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। লেহম্যানের পরিবর্তে ভারতে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে কোচের দায়িত্ব পালন করবেন দলের ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন। গত বছর সংযুক্ত আরব আমিরাত সফরেও দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন রিক্সন।
ভারত সফরের জন্য ১৪ সদস্যের দলে অধিনায়ক হিসেবে ক্লার্ক, সহ-অধিনায়ক হিসেবে জর্জ বেইলি এবং ইনজুরি প্রবণ অলরাউন্ডার শেন ওয়াটসনের নামও অন্তর্ভুক্ত রয়েছে। তবে ক্লার্কের এ সফরে আসাটা তার ফিটনেসের ওপর নির্ভরশীল বলে স্বীকার করেছেন জাতীয় দল নির্বাচক জন ইনভেরারিটি। পুরো ইংল্যান্ড সফরেই ক্লার্কের পিঠে সমস্যা ছিল বলেও স্বীকার করেন ইনভেরারিটি। তিনি বলেন, ‘ইংল্যান্ডের মাটিতে ৩-০তে অ্যাশেজ সিরিজ হারার পর ফিরতি অ্যাশেজের আগে ক্লার্কের পুরোপুরি সুস্থ হয়ে ওঠাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছে অস্ট্রেলিয়া।’
দীর্ঘ সফরের পর ক্লার্কের পিঠের অবস্থা আরো খারাপের দিকে গেছে এবং তার ফিটনেসের ওপরই তাকে নির্বাচনের বিষয়টি নির্ভর করছে।’
ফিটনেস পর্যবেক্ষণের পরেই ক্লার্কের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান ইনভেরারিটি। ‘অস্ট্রেলিয়ায় তার ফিটনেস পর্যবেক্ষণ করা হবে এবং জাতীয় নির্বাচক প্যানেল আশা করছে ভারত সফরের আগেই তার উন্নতি হবে।’
এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্রই ওয়ানডে সিরিজ জিতে আসা অজিদের জন্য আসন্ন সফরে রয়েছে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে যাওয়ার দারুণ সুযোগ। একারণেই এই সিরিজকে গুরুত্ব দিচ্ছে অজি ক্রিকেট বোর্ডও। দলের পারফরম্যান্স প্যাট হাওয়ার্ড এক বিবৃতিতে বলেন, ‘যেহেতু আইসিসি ওডিআই র্যাংকিংয়ে আমাদের শীর্ষে ওঠার সুযোগ রয়েছে তাই এ সফর অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া ২০১৫ বিশ্বকাপ দল গঠনের জন্যও এ সফর খুবই গুরুত্বপূর্ণ।’
১০ অক্টোবর টি-২০ ম্যাচের মাধ্যমে শুরু হওয়া এ সফরে মিচেল জনসন, বেইলি, জেমস ফকনার এবং ফিল হিউজদের মত খেলোয়াড়দেরকেও খেলানো হবে। কারণ আগামী নভেম্বরে ফিরতি অ্যাশেজের জন্য তাদের প্রস্তুত করতে এটিই সঠিক সময় বলে মনে করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।