এফবিসিসিআই’র উদ্বেগ ভাংচুরে
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৪
পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে সমপ্রতি বেশ কয়েকটি পোশাক কারখানায় ভাংচুর, অগ্নিসংযোগ ও অস্থিতিশীলতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এই শিল্পে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে সংগঠনটি।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই উল্লেখ করেছে, যে সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পুনর্বহাল রাখার জন্য সরকারের পাশাপাশি এফবিসিসিআই ও বিজিএমইএ আন্তর্জাতিক মহলে জোর তত্পরতা চালাচ্ছে সেই সময় শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে চলমান শ্রমিক অসন্তোষ খুবই উদ্বেগজনক। এই অসন্তোষকে পুঁজি করে কিছু সংখ্যক দুষ্কৃতকারী সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যার ফলে মালিক পক্ষ পোশাক কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে, যা আমাদের কারোরই কাম্য নয়। এফবিসিসিআই এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপূর্ণ সহযোগিতা কামনা করছে। পোশাক শিল্প ও শ্রমিকদের বৃহত্তর কল্যাণের স্বার্থে একটি ন্যায্য মজুরি কাঠামোর প্রতি এফবিসিসিআই পূর্ণ সমর্থন করে। কেননা শ্রমিকরাই উত্পাদনের মূল কারিগর। সরকার, বিজিএমইএ ও শ্রমিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে মজুরি কাঠামো বিষয়ে দ্রুত সমঝোতায় আসবে বলে এফবিসিসিআই আশা করে।