হেফাজতকে সরকারের তল্পিবাহক বানানোর ষড়যন্ত্র চলছে

চট্টগ্রামের ৫০ জন শীর্ষ আলেম অভিযোগ করেছেন, মুফতি ফয়জুল্লাহ ও মাওলানা মঈনুদ্দীন রুহীকে বাদ দিয়ে হেফাজতে ইসলামকে সরকারের তল্পিবাহক বানানোর ষড়যন্ত্র চলছে। গতকাল রবিবার এক যৌথ বিবৃতিতে আলেমরা বলেন, শাপলা চত্বরের ঘটনার পর থেকে মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা কাতেব ইলিয়াছ ওসমানি মিডিয়ায় প্রচারণা ও হ্যান্ডবিলের মাধ্যমে মুফতি ফয়জুল্লাহ এবং রুহীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছেন। তারা সরকারের মামলা, হামলা এবং নির্যাতনের দোহাই দিয়ে উভয়কে বাদ দিতে হেফাজত আমীর আল্লামা শাহ্ আহমদ শফির উপর চাপ প্রয়োগ করেন। কিন্তু আল্লামা শাহ্ আহমদ শফি কয়েকবার পত্রিকায় বিবৃতি দিয়ে পরিষ্কার করেছেন, হেফাজতে ইসলাম থেকে কাউকে বাদ দেয়া যাবে না। সবাইকে নিয়ে ঈমানী আন্দোলন চালিয়ে যেতে হবে। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন আল্লামা মুফতি আজিজুল হাসান, আল্লামা মুফতি আহমদ হাছান, আল্লামা মুফতি জামাল উদ্দিন প্রমুখ। এসব অভিযোগের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিবৃতিদাতা আলেমদের চেনেন না এবং তারা হেফাজতে ইসলামের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন।