দুই দফা বাস্তবায়ন দাবি

তেজগাঁওয়ে পলিটেকনিক ছাত্র-শিক্ষকের সড়ক অবরোধ

দুই দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে গতকাল রবিবার দুপুরে সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ। এসময় আন্দোলনরত ছাত্র-শিক্ষকরা ঢিল ছুঁড়ে গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়। পুলিশের হস্তক্ষেপে ভাংচুর চেষ্টা বন্ধ হলেও বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত সড়ক অবরোধের ঘটনায় ওই এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রণোদনা প্রদানসহ বেতন-বৈষম্য দূর ও পেশাগত সমস্যা সমাধানের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। স্থানীয় সূত্র জানায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বেলা ১১টার দিকে তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে কয়েকশ শিক্ষক ও শিক্ষার্থী অবস্থান নেন। এক পর্যায়ে তারা সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। উত্তেজিত শিক্ষার্থীরা সেখানে গাড়ি ভাংচুরের চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। খবর পেয়ে দুপুর সোয়া ১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর সাতরাস্তা মোড়ে যান। দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনাদের দাবির প্রতি আমরা সহানুভূতিশীল। আপনাদের ন্যায়সঙ্গত দাবি পূরণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এটি আমরা ত্বরিতগতিতে বাস্তবায়ন করবো।’ দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরে কারিগরি ছাত্রদের মহাসড়ক অবরোধ কর্মসূচি পণ্ড করে দেয় পুলিশ। এ সময় ২৮ রাউন্ড টিয়ার শেল ও ১৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। পুলিশসহ আহত হয়েছেন আটজন। হবিগঞ্জ প্রতিনিধি জানায়, হবিগঞ্জে কারিগরি ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। মোট আহতের সংখ্যা ১৫। গুরুতর আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেনী প্রতিনিধি জানান, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মসূচি চলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে নয় ছাত্র আহত হয়েছেন। এ সময় পুলিশ আটজনকে আটক করে। বিক্ষুব্ধ ছাত্ররা ১০ থেকে ১২টি গাড়ি ভাংচুর করে। পরশুরাম সংবাদদাতা জানান, কারিগরি ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের কর্মসূচি চলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষকসহ ১০ জন আহত হয়েছেন। এসময় ২০টি গাড়ি ভাংচুর করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। পুলিশ বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে আটক করেছে। কুড়িগ্রাম প্রতিনিধি জানান, দুই দফা দাবিতে কারিগরি ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ বিক্ষোভ মিছিলসহ কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বাসস্ট্যান্ড এলাকায় অবরোধসহ অবস্থান ধর্মঘট পালন করে। চট্টগ্রাম অফিস জানায়, দুই দফা বাস্তবায়নের দাবিতে গতকাল রবিবার চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় বিক্ষোভকারীরা তাদের দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। রংপুর প্রতিনিধি জানান, গতকাল সকালে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট বাকাছাপ-এর উদ্যোগে দাবি আদায়ে রংপুর মহানগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পর্যটন মোটেল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আন্দোলনকারীরা দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এ সময় সড়কের দুই পার্শ্বে শতশত যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তির শিকার হয় সাধারণ যাত্রীরা।