গোপালগঞ্জে স্কুলে সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ২৫

গোপালগঞ্জে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষার্থীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের নিজড়া উচ্চ বিদ্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর স্কুলে ছুটি ঘোষণা করা হয়। মারাত্মক আহত ৭ শিক্ষার্থীসহ ৮ জনকে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, ঐ স্কুলের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে একই স্কুলের ৯ম শ্রেণির ছাত্র শাহীন সরদার গত শনিবার স্কুল চত্বরে উত্ত্যক্ত করে। ১০ম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শাহীনকে জিজ্ঞাসাবাদ করে। পরে শাহিনের মা লোবা বেগম স্কুলে এসে প্রতিবাদকারী শিক্ষার্থীদের প্রতি চড়াও হয়ে মারমুখী হয়ে ওঠেন। ম্যানেজিং কমিটির লোকজন রবিবার বিকালে সালিশ বৈঠকের আয়োজন করে। কিন্তু সকাল ১০টার দিকে ঢাল সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় গ্রুপের লোকজন স্কুলে সংঘর্ষে লিপ্ত হয়। বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।