এসবি গ্রুপের এমডিসহ ৮ জনের নামে জালিয়াতি মামলা
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৩
জালিয়াতির মাধ্যমে ব্যাংকের সাড়ে ২৮ কোটি টাকা আত্মসাত্ করার অভিযোগে এসবি গ্রুপের এমডি-পরিচালক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৮ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুপুরে রাজধানীর মতিঝিল থানায় মামলা দায়ের হয়েছে। দুদকের সহকারী পরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।
মামলার আসামিরা হলেনঃ এসবি গ্রুপের এমডি ও চেয়ারম্যান মো. শাহজাহান বাবলু, পরিচালক মো. আবুল কাশেম, বাংলাদেশ কমার্স ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম ওয়ালিউল্লাহ, সহকারী ভাইস প্রেসিডেন্ট ও খিলগাঁও শাখার ম্যানেজার মো. আবু সাঈদ, সাবেক এক্সিকিউটিভ অফিসার কামরুল ইসলাম, ফরেন এক্সচেঞ্জ শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সুধীরচন্দ্র সরকার, এক্সিকিউটিভ অফিসার এজেড এম তারিকুজ্জামান এবং রাফিদ ইন্সপেকশনের মালিক এসএম হাসনাত চৌধুরী।
এজাহারে বলা হয়, এসবি গ্রুপের এমডি বন্ধকী জমির জাল দলিল, নামজারির সার্টিফিকেট, ডিসিআর, দাখিলা, আরএস ও মহানগর খতিয়ানের কপি ইত্যাদি দাখিল করে বাংলাদেশ কমার্স ব্যাংকের দিলকুশা শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণ তুলে আত্মসাত্ করেন।
৩৯ নম্বর মামলার এজাহারে বলা হয়, এসবি এক্সিম বাংলাদেশ ও এসবি ক্রপ কেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশ কমার্স ব্যাংকের দিলকুশা শাখা থেকে প্রি-শিপমেন্ট ক্রেডিট তৈরির মাধ্যমে ৩ কোটি ৪১ লাখ ৭৩ হাজার টাকা আত্মসাত্ করেন।