নির্মম দারিদ্র্য

মাত্র চার টাকা দিয়ে চানাচুর খেয়েছিল ছোট্ট শিশু শ্রীদাম। আর সেই অপরাধে বাবার থাপ্পড়ে প্রাণ গেল শিশুটির। ঘটনার পর থেকে পিতা ভোলানাথ সাহা পলাতক। ভেড়ামারা থানার ওসি সৈয়দ রবিউল ইসলাম জানান, শহরের কাঠেরপুর এলাকার বাসিন্দা, তৃতীয় শ্রেণীর ছাত্র শ্রীদামকে শনিবার বিকেলে বাজার করতে পাঠান বাবা ভোলানাথ। বাজার শেষে বাড়ি ফিরলে শ্রীদামের কাছে বাড়তি টাকা ফেরত চান তার বাবা। শ্রীদাম জানায়, বাজার করে ৪ টাকা ছিল- তা দিয়ে সে চানাচুর খেয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে অতি দরিদ্র ভোলানাথ ছেলেকে সজোরে থাপ্পড় মারেন। শ্রীদাম অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে শনিবার রাত ১২টায় শ্রীদাম মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।