গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

দক্ষিণ স্পেনের ছোট্ট শহর ল্যাবাস্টিডা বহুদিন থেকেই তার খ্যাতি ধরে রেখেছে সুপেয় ওয়াইন প্রস্তুতকারী দেশ হিসেবে। মাত্র হাজার দুয়েক অধিবাসীর এই শহরটিতে প্রতি বছরই দেশ-বিদেশের বহু পর্যটক ভিড় জমান আঙ্গুরের রস থেকে সুপেয় ওয়াইন প্রস্তুতের নানা কর্মযজ্ঞ চোখের সামনে থেকে দেখার জন্য। আর ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর এই আঙ্গুরের রস তৈরিতেই নতুন একটি রেকর্ড গড়েন ল্যাবাস্টিডার অধিবাসীরা। আঙ্গুরের রস উত্পাদনকারীদেও স্থানীয় সংগঠন একোবাসা’র উদ্যোগে এদিন শহরের লা পাজ স্কয়ারে আঙ্গুরের রস তৈরি করার জন্য উপস্থিত হন শহরের অর্ধেকেরও বেশি অধিবাসী। আর নানা বয়সী এইসব মানুষের জন্য একাধিক ট্রাকের মাধ্যমে এখানে জড়ো করা হয় প্রায় ২৫,০০০ কেজি বা ২৭.৫৬ টন কালো আঙ্গুর। পরবর্তীতে এই আঙ্গুরগুলো থেকেই একটানা তিন মিনিট একসাথে রস উত্পাদনের কাজে অংশ নেন ৯৭৭ জন অংশগ্রহণকারী। আর এরই মাধ্যমে ভেঙে যায় ২০০৫ সালে অস্ট্রেলিয়ায় একসাথে ৫৪০ জন ব্যক্তির আঙ্গুরের রস উত্পাদনের পূর্বোক্ত রেকর্ডটি।