শ্রমিক নেতা রায় রমেশের প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা

বিশেষ প্রতিনিধি

প্রয়াত শ্রমিক নেতা রায় রমেশ চন্দ্রের প্রতি সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রায় রমেশ চন্দ্রের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। এর আগে দুপুর আড়াইটা থেকে ৩টা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ জাতীয় শ্রমিক লীগের কার্যালয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকাল সাড়ে ৪টায় তার মরদেহ নেওয়া হয় ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ শেষ কৃত্যের উদ্দেশ্যে মাগুরার শ্রীপুর উপজেলার নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ জাতীয় শ্রমিক লীগের কার্যালয়ে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলে্সর চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজ, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, সাইফুজ্জ্ামান শেখর এমপি, শামসুন নাহার ভূইয়া এমপি, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টার, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ও বিলসের পক্ষ থেকে ডা. ওয়াজেদুল ইসলাম খানসহ বিভিন্ন শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তার ছেলে রায় রাহুল চন্দ্রসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।