২৫ সেপ্টেম্বর আসছে মানিকের ভিডিও গান ‘রং বাজার’
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:২৭
সুউচ্চ পাহাড়ের পাশ দিয়ে ঘোড়ায় চড়ে আসছেন একজন গডফাদার। তিনি থামলেন। দৌড়ে এসে উপুড় হলো একজন শিষ্য। এরপর শিষ্যের পিঠে পা দিয়ে সমুদ্র সৈকতে নামলেন গডফাদার। তাকে স্বাগত জানালো অপর দুই সহযোগী। ‘রং বাজার’ শিরোনামের গানের ভিডিওটি শুরু হয়েছে এভাবেই।
গীতিকবি অনুরূপ আইচের লেখা ‘রং বাজার’ গানের ভিডিও আসছে ২৫ সেপ্টেম্বর। এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিকের ‘অবাক শহরে’ অ্যালবামের গান এটি। গানের কথাগুলো এ রকম, ‘জীবনের এই রং বাজার, হবে একদিন ভঙ্গ, মাটির দেহ মাটিতে লুটাবে কেউ পাবে না কারও সঙ্গ’। হূদয়স্পর্শী কথামালার এ গানটির ভিডিও তৈরি করেছেন সৈয়দ আলী আহসান লিটন। ক্যামেরায় ছিলেন আলিম ইবাদ। সম্পাদনা করেছেন মোহাম্মদ রাফি। ২৫ সেপ্টেম্বর থেকে দেশ ও বিদেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে গানটি। এদিন, দুপুর ১২টা ১০ মিনিটে আরটিভিতে বসুধা প্রতিদিনের গান ও বিজয় টিভিতে রাত ১১টায় ‘গানের ছোঁয়া’ অনুষ্ঠানে প্রচারের মধ্য যাত্রা শুরু হবে। দেশের বাইরে এমটিভি ছাড়াও আরও পাঁচটি চ্যানেলে দেখানো হবে ‘রংবাজার’ গানের ভিডিও। ২০ সদস্যের একটি টিম একটানা তিন দিন ধরে শুটিং করে গানটির। কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত, টেকনাফ ও সোনাদিয়ার চোখজুড়ানো স্পটে শুটিং হয় ‘রং বাজার’ গানের। একজন গডফাদার ও তার শিষ্যদের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তাদের মৃত্যুর ঘটনা নিয়ে তৈরি হয়েছে গল্পনির্ভর এ ভিডিও। এতে অভিনয় করেছেন জাহিদুল গনি, আতিকুর রহমান, মুহাম্মদ নূর, ওসমান সরওয়ার, সলিড জাকির ও শিশু শিল্পী আবরার মোস্তফা।