নাইরোবির শপিংমলে ফের ব্যাপক গোলাগুলি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৪
কেনিয়ার রাজধানী নাইরোবির ওয়েস্টগেট শপিং মলে সোমবার তিন দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।। ধারণা করা হচ্ছে, শনিবার শপিং মলে হামলা চালিয়ে প্রায় ৬৮ জন লোককে হত্যাকারী জঙ্গিরা মার্কেটটির ভেতরে কোথাও লুকিয়ে রয়েছে। তাদেরকে আটক করতে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। —এএফপি
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিস্ফোরণের পরপরই উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় শুরু হয়। প্রায় ১৫ মিনিট ধরে এই গোলাগুলি চলে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা সোমবার সকালে জানান, ঘটনাস্থলে ব্যাপক গুলিবিনিময় ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কেনিয়ার নিরাপত্তা বাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনী জোরালো অভিযানের প্রস্তুতি নিচ্ছে।
তবে সোমবার ভোরের এই ঘটনা সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যকার গুলিবিনিময়ের ঘটনা কিনা এ ব্যাপারটি স্পষ্ট করেননি তিনি। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটার বার্তায় সেনা অভিযানের ইঙ্গিত দিয়ে জানিয়েছিল, এই ভয়াবহ লোমহর্ষক ঘটনার ইতি টানতে সব রকমের প্রস্তুতি শেষ পর্যায়ে। তাই ধারণা করা হচ্ছে, মার্কেটের ভেতরে আত্মগোপন করে থাকা জঙ্গিদের ধরতে সোমবার ভোর থেকে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।