আবারও সংশোধন হচ্ছে মিসরের সংবিধান
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৪
সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সময় গৃহীত মিসরের সংবিধান সংশোধন করা হচ্ছে। নভেম্বরের মধ্যে এই কার্যক্রম শেষ হবে। সংবিধানের বিভিন্ন ধারা সংযোজন-বিয়োজনে গঠন করা হয়েছে ৫০ সদস্যবিশিষ্ট কমিটি। মিসরের বর্তমান অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধনের এ পদক্ষেপ নিয়েছে। গত রবিবার কমিটির মুখপাত্র মোহাম্মদ সালমাভি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। -খবর রয়টার্সের
কমিটিতে দু্’জন ইসলামপন্থি সদস্য রাখা হলেও থাকছে না মুরসির মুসলিম ব্রাদারহুডের কোন সদস্য। সরকার দাবি করেছে, মুসলিম ব্রাদারহুডকে কমিটিতে থাকার জন্য আমন্ত্রণ জানানো হলেও তারা তা প্রত্যাখ্যান করেছে। মুরসির সংবিধানটির খসড়া তৈরি করে তার ইসলামপন্থি পরিষদ। গত ডিসেম্বরে গণভোটের মাধ্যমে সংবিধানটির অনুমোদন দেয়া হয়। গত জুলাইয়ে বিশাল বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন মুরসি। গত দু’মাসে গ্রেফতার করা হয় মুরসিসহ তার দলের জ্যেষ্ঠ নেতা ও ২ হাজারের বেশি মুসলিম ব্রাদারহুডের সদস্যকে। মুরসি-বিরোধীরা দাবি তুলে সংবিধানে নারী ও মানবাধিকারের নিশ্চয়তা দেয়া হয়নি এবং মিসরের বৈচিত্র্যময় জনসংখ্যার প্রতিনিধিত্ব হয়নি।
মোহাম্মদ সালমাভি বলেন,সংবিধান আংশিক বা পুরোপুরি সংশোধন হতে পারে। কমিটির সদস্যদের ইচ্ছা পুরোপুরি সংবিধান সংশোধন করা হোক। সম্ভবত তাই সংবিধানের প্রতিটি অনুচ্ছেদ সংশোধিত হতে পারে কিংবা পরিবর্তন করা হতে পারে কিংবা কোন কিছু বাদ দেয়া হতে পারে অথবা কিছু সংযোজন করা হতে পারে। তবে নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি পরিবর্তন করা হচ্ছে। কোন কিছু লেখার জন্য সাংবাদিকদের কারাদণ্ড দেয়ার যে বিধান রাখা হয়েছিল তাও সংশোধন করা হচ্ছে।