সাকিব খেলছেন সাকিব খেলছেন না
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৩
কলাবাগান ক্রীড়া চক্রের প্রথম তিন রাউন্ডে হতাশাজনক পারফরম্যান্সের ফলেই গতকাল দিনভর গুঞ্জনটা শোনা গেল—পুরোপুরি সেরে না উঠলেও আজ মাঠে নামবেন সাকিব আল হাসান; কিন্তু এই গুঞ্জনের কোনো সত্যতা পাওয়া যায়নি। শুধু কলাবাগান দলের এক নাম প্রকাশে অনিচ্ছুক খেলোয়াড় জানিয়েছেন, এই রাউন্ডে না হলেও পরের রাউন্ডে শুধু বোলার হিসেবে খেলার আগ্রহের কথা জানিয়েছেন সাকিব।
ক্যারিবিয় প্রিমিয়ার লিগ থেকে আঙুলের ইনজুরি নিয়ে ফিরেছেন বাংলাদেশের এই বিশ্বসেরা অলরাউন্ডার। ইতিমধ্যে তাকে প্লেয়ার বাই চয়েসে ২২ লাখ টাকায় কিনে নেয় কলাবাগান। সাকিবের ইনজুরিটাকে অবশ্য স্বাভাবিকভাবেই নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তারা বলেছে, এটা খেলারই অংশ; কিন্তু দলটি খাদের কিনারে চলে যেতে থাকায় এখন সাকিবের মাঠে নামার আলোচনা তৈরি হয়েছে।
যতদূর জানা গেছে, আজ বা কাল সাকিব আবারও আঙুলের এক্স-রে করাবেন। তারপর সিদ্ধান্ত নেবেন— এই অবস্থায় খেলতে পারবেন কি না।