বরখাস্ত!

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার তলানির থাকা সান্ডারল্যান্ডের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে মাত্র সাত মাস আগে দায়িত্ব নেয়া পাওলো ডি ক্যানিওকে। গত শনিবার ওয়েস্ট ব্রমউইচ আলবিওনের বিপক্ষে ৩-০ গোলে পরাজয়ের পরে লিগ টেবিলের একেবারে নিচে নেমে গেছে সান্ডারল্যান্ড। প্রথম পাঁচ ম্যাচে তারা মাত্র এক পয়েন্ট পাওয়ার ফলস্বরূপ ইতালিয়ান কোচকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে। এ সম্পর্কে ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধান কোচ হিসেবে পাওলো ডি ক্যানিওর সাথে সান্ডারল্যান্ডের সম্পর্ক বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ৩১ মার্চ সান্ডারল্যান্ডের কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন ডি ক্যানিও। ডি ক্যানিওর সাথে কোচিং স্ট্যাফের সদস্য হিসেবে কাজ করা সাবেক সান্ডারল্যান্ড অধিনায়ক কেভিন বলকে অস্থায়ীভাবে কোচের দায়িত্ব অর্পণ করা হয়েছে। ডি ক্যানিও’র উত্তরসূরী না পাওয়া পর্যন্ত কেভিনই এই দায়িত্বে বহাল থাকবেন। মঙ্গলবার ক্যাপিটাল ওয়ান কাপে পিটারবোরো ইউনাইটেডের বিপক্ষে কেভিন দায়িত্ব গ্রহণ করবেন।