দু’দিনেও খালে পড়া শিশুর খোঁজ মেলেনি
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:১০
ব্রিজ ভেঙ্গে মায়ের কোল থেকে ছিটকে খালে পড়ার ২ দিন পরও এক বছরের শিশু দীপ্তর খোঁজ মেলেনি।
গতকাল ছেলের সন্ধানে ট্রলারে করে পোনা, কঁচা নদী এবং মালিয়ার খালের সর্বত্র চষে বেড়িয়েছেন দীপ্তর বাবা জীবন মালাকার। স্থানীয় ডুবুরি ও দমকল বাহিনীর সদস্যরাও দীপ্তকে খুঁজে পাওয়ার সকল চেষ্টা করেছেন।
এদিকে দীপ্তর মা সীমা রানী গতকাল সোমবার সকালে হাসপাতাল থেকে সন্তানের টানে পাগলপ্রায় হয়ে ছুটে যান মালির খালের পাড়ে। তিনি কিছুক্ষণ পর পর মূর্ছা যান। আবার জেগে উঠে বলতে থাকেন আমার বাবারে এনে দাও।
ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মিজানুর রহমান বলেন, বরিশাল থেকে আশা ডুবুরি হাবিবুর রহমান এবং আমি পোনা এবং কঁচা নদীর মোহনায় বাচ্চাটিকে খুঁজে পাওয়ার প্রাণপণ চেষ্টা করেও ব্যার্থ হয়েছি। তবে তাকে খুঁজে পাওয়ার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে যাব।