পানিতে ডুবে ৫জনের প্রাণহানি

দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর উপজেলার ছাব্বিশা গ্রামে গত রবিবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো: খুরশিদ আলমের পালিত কন্যা ইতিমনি (৪) ও নূরন্নবীর ছেলে আকাউদ (৩)। সোনাতলা (বগুড়া) উপজেলার কাবিলপুর গ্রামে গত রবিবার দুপুরে পুকুরের পানিতে পড়ে রুহুল আমিনের ছেলে রোমান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) কুমিল্লার চৌদ্দগ্রামে গত রবিবার দুপুরে পানিতে ডুবে হাফজা তাবাসসুম অনিহা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার গুণবতী গ্রামের সৌদী প্রবাসী আবুল হাশেমের পালিত কন্যা। রামগঞ্জ (লক্ষ্মীপুর) জেলার রামগঞ্জ উপজেলার সাউধেরখীল মিধ্যাবাড়িতে গতকাল সোমবার সকালে পানিতে ডুবে মাহতাব নামে ১৮ মাসের এক শিশু মারা গেছে। সে নজরুল ইসলামের ছেলে। শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।