প্রবাসী পিতার কাছে গাঁজা পাঠাতে গিয়ে গ্রেপ্তার
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৩
গোপালগঞ্জে অভিনব কায়দায় সৌদি আরবে গাঁজা পাঠানোর সময় মোঃ রাসেল মোল্যা (১৮) নামে এ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে সদর উপজেলার সুকতাইল পশ্চিমপাড়া থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মোঃ রাসেল মোল্যা সুকতাইল পশ্চিমপাড়া গ্রামের সৌদি প্রবাসী সিদ্দিক মোল্যার ছেলে। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. ইকরাম হোসেন জানান, গ্রেপ্তারকৃত রাসেল তার সৌদি প্রবাসী পিতা সিদ্দিক মোল্যার কাছে গাঁজা পাঠানোর জন্য ২টি স্যান্ডেলের সোল খুলে পকেট তৈরি করে সেখানে গাঁজা ভরে আঠা দিয়ে সোল লাগিয়ে অপর এক সৌদি প্রবাসীর কাছে নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশ গোপন সংবাদ পেয়ে সুকতাইল পশ্চিমপাড়া থেকে ওই যুবকে গ্রেপ্তার করে। পরে তার কাছে থাকা স্যান্ডেল উদ্ধার করে সোল কেটে ভিতর থেকে ১শ’ গ্রাম গাজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা সৌদি আরবে পাঠানোর জন্য নিয়ে যাচ্ছিল না কি ওই প্রবাসীকে ফাঁসাতে চাচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।