ভেড়ামারায় গ্রামবাসী পদ্মা থেকে বালি তোলা বন্ধ করে দিল
এ কে এম কাওছার হোসেন, ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৩
গ্রামবাসী একজোট হয়ে পদ্মা থেকে ড্রেজারের মাধ্যমে বালি তোলা বন্ধ করে দিল। ঘটনাটি কুষ্টিয়ার ভেড়ামারার বারো মাইল এলাকার। পাশ দিয়ে গেছে প্রমত্তা পদ্মা। সেখানে নদীর পাড় থেকে বালি ব্যবসায়ীরা ড্রেজারের মাধ্যমে বালি তুলে থাকে অহরহ। এভাবে বালি তোলায় সবসময় ভাঙ্গনের আশঙ্কায় থাকে আশপাশের গ্রামবাসীরা।
সোমবার যথারীতি বালি তুলছিল একটি ড্রেজার। তখন গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পড়ে। তারা লাঠিসোটা নিয়ে নদীর পাড়ে সমবেত হয়। এ সময় বালি উত্তোলনকারী ও গ্রামবাসীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। দুই দলের মধ্যে উত্তেজনার একপর্যায়ে গ্রামবাসীরা বালি উত্তোলনকারীদের ধাওয়া করতে শুরু করলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ এসে বালি উত্তোলন করতে না দেয়ার আশ্বাসের প্রেক্ষাপটে এলাকাবাসী শান্ত হয়।
বালি উত্তোলনরত ড্রেজারের মাঝি বাচ্চু আলী জানান, নদীর পাড় হতে কিছু দূরে আমরা ড্রেজার দিয়ে বালি তুলছিলাম। হঠাত্ নদী পাড়ের গ্রামবাসী লাঠিসোটা নিয়ে আমাদের ওপর আক্রমণ চালায়। একপর্যায়ে আমরা বালি উত্তোলন বন্ধ করতে বাধ্য হই।
গ্রামবাসী মকলেছুর রহমান জানান, নদীর পাড় থেকে বালি তোলার ফলে খুব অল্পদিনের মধ্যেই আমাদের তিন-চারটি গ্রাম ভাঙ্গনের কবলে পড়বে। তিনি বলেন, গ্রাম রক্ষার জন্যই আমরা রুখে দাঁড়িয়েছি।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, বালি উত্তোলন বন্ধ রাখতে বলা হয়েছে। নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত বালি উত্তোলন বন্ধ থাকবে।