শিবির-পুলিশ সংঘর্ষ
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৩
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আব্দুল কাদের মোল্লাসহ আটক শীর্ষ নেতাদের মুক্তি ও সরকারের নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা বিক্ষোভে সারাদেশে বিচ্ছিন্নভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভ চলাকালে জামায়াত-শিবিরকর্মীরা পুলিশের উপর হামলা চালায়। রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় শিবির-পুলিশ সংঘর্ষের সময় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। একই স্থানে দুই পুলিশসহ আহত হয়েছেন ১০ জন। এছাড়া রাজশাহীতে ১০ জন আহত হয়েছেন। সিলেটে গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে। সারা দেশে আটক হয়েছেন ৩৩ জামায়াত-শিবির কর্মী।
রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধরা হলেন, ঢাকা মহানগর (উত্তর) শিবির সভাপতি রাকিব মাহমুদ, শিবিরের সাবেক নেতা আতাউর রহমান সরকার, শিবির নেতা মোবারক হোসেন এবং অজ্ঞাত আরো একজন। অন্য আহতদের নামপরিচয় জানা যায়নি। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাউছিয়া মার্কেটের সামনে থেকে দুপুরে শিবিরের মিছিলটি বের হয়ে একটু সামনে গেলেই পুলিশ তাদের বাধা দেয়। তারপরই সংঘর্ষ শুরু হয়ে যায়। এখান থেকে পুলিশ তিন জামায়াত-শিবির কর্মীকে আটক করে।
আমাদের রাজশাহী অফিস জানায়, রাজশাহী মহানগরীর গণকপাড়ায় গতকাল সোমবার বেলা ১১টায় জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ আহত হয়েছেন। আহতরা গ্রেফতার এড়াতে অজ্ঞাত স্থানে চিকিত্সা নিচ্ছেন বলে জানা গেছে।
সিলেট অফিস জানায়, সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের উপর হামলা চালালে এএসআই হুমায়ূন কবির আহত হন। এ সময় তার মটর সাইকেলসহ অন্তত ২০টি গাড়ি ভাংচুর করা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরা শহরে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল থেকে ১০ থেকে ১৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। শিবিরকর্মীরা চারটি গাড়ী ভাংচুর করে। পুলিশ সাতক্ষীরা শহর জামায়াতের আমীর আবুল কালামসহ ছয়জনকে আটক করেছে। শহরে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর শহরের আন্ত:জেলা পৌর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে আট জামায়াত শিবির কর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাঁচ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
ফেনী প্রতিনিধি জানান, ফেনীর সোনাগাজীতে জামায়াত, শিবির ও পুলিশের সংঘর্ষে ৬ পুলিশসহ ১৬ জন আহত হয়েছেন। মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারের জেলা জজ কোর্টে জামায়াত-শিবির কর্মীরা ১০ থেকে ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে শিবিরের হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তার নাম সুশীল কুমার। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে তিন জন ও পরে নয়জন জামায়াত-শিবির কর্মীকে আটক করে পুলিশ।
নীলফামারী প্রতিনিধি জানান, ঝটিকা মিছিল করার সময় সোমবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড থেকে নীলফামারীর জলঢাকায় লাবলুর রহমান (২০) নামে শিবিরের এক নেতাকে আটক করেছে পুলিশ।
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর কোতয়ালী পুলিশ গতকাল সোমবার ভোরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়েরকৃত দ্রুত বিচার মামলার পলাতক আসামি জামায়াত-শিবিরের নেতা-কর্মী মোঃ হাবিবুর রহমান হাবিব (২৮), মোঃ সোহেল রহিদুল (৩০), মোঃ মহসিন আলী (২৫), মোঃ আব্বাস আলী (২০), নজিবুল্লাহ (২২) ও হারুনুর রশিদ (২০) এবং সিরাজুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।