বীরকন্যা প্রীতিলতার ৮১তম আত্মাহুতি দিবস আজ
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৫
ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের মহানায়ক মাষ্টারদা সূর্য সেনের অন্যতম সহযোগী এবং এদেশের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮১তম আত্মাহুতি দিবস আজ ২৪ সেপ্টেম্বর। মাষ্টারদার নির্দেশ পেয়ে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে সামরিক পোশাকে প্রীতিলতা মৃত্যুভয়হীন কিছু তরুণকে সাথে নিয়ে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে ইংরেজদের ওপর আক্রমণ করে। বহু ইংরেজকে হতাহত করে সফল অপারেশনের পর হঠাত্ একটি গুলি এসে বিধে তার বুকে। মাঠিতে লুটিয়ে পড়লে প্রীতিলতা ইংরেজদের হাতে ধরা পড়ার আশংকা করে পকেটে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন।
পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে ১৯১১ সালের ৫ মে তাঁর জন্ম। বাবা জগদ্বন্ধু ওয়াদ্দেদার চাকরিজীবী আর মা প্রতিভা ওয়াদ্দেদার সমাজসচেতন গৃহিনী। চট্টগ্রাম খাস্তগীর উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী প্রীতিলতা ১৯২৭ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। এরপর ঢাকা ইডেন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করেন। পরে প্রীতিলতা কলকাতার বেথুন কলেজ থেকে দর্শনশাস্ত্রে ডিষ্টিংশনসহ গ্র্যাজুয়েশন করেন।
আজ আত্মাহুতি দিবসে পটিয়া উপজেলাস্থ নিজ গ্রাম ধলঘাটে ‘বীরকন্যা প্রীতিলতা ট্রাষ্ট’র উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ১০টায় বীরকন্যা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত তাঁর আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ ও শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং উপজেলার ১০টি স্কুলে প্রীতিলতার আত্মজীবনীর উপর লেখা বই বিতরণ করা হবে।