ব্রাদারহুডের কার্যক্রম নিষিদ্ধ করেছে মিসরের আদালত
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৫
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সংগঠন মুসলিম ব্রাদারহুডের সকল কার্যক্রম নিষিদ্ধ ও সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে দেশটির এক আদালত। একই সঙ্গে ব্রাদারহুডের অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রমও নিষিদ্ধ ঘোষণা করেছে ওই আদালত। গতকাল সোমবার কায়রোর প্রশাসনিক আদালত ঘোষণা দেয়, কার্যক্রম নিষিদ্ধের এ রুল ব্রাদারহুড, তার বেসরকারি শাখা সংগঠন এবং এর থেকে জন্ম নেওয়া যেকোনো সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। খবর বিবিসির।
সূত্র জানায়, ওই আদালত দেশের অন্তবর্তী সরকারকে ব্রাদারহুডের তহবিল জব্দ করার নির্দেশ প্রদান করেছে। এ রুলের বিরুদ্ধে আপিল না হওয়া পর্যন্ত সম্পদ জব্দ করতে একটি প্রশাসনিক কমিটি গঠন করতেও সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ৩ জুলাই মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত হন। সংগঠনটির কয়েক ডজন গুরুত্বপূর্ণ নেতাকে আটক করা হয়েছে।
৮৫ বছরের পুরোনো এ ইসলামি সংগঠনটি ১৯৫৪ সালে নিষিদ্ধ করে তত্কালীন সামরিক শাসকরা। কিন্তু হোসনি মোবারকের পতনের পর মোহাম্মদ মুরসি প্রেসিডেন্ট নির্বাচিত হলে চলতি বছরের মার্চে বেসরকারি সংস্থা হিসেবে নিবন্ধন করে মুসলিম ব্রাদারহুড। ব্রাদারহুডের নিবন্ধিত রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি থেকে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ মুরসি।