বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন হচ্ছে না

আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগে আপাতত স্থানীয় সরকারের কোন নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এমনকি গত বছর ঘোষিত বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনও করতে চায় না কমিশন। এ বিষয়ে গতকাল সোমবার দুপুরে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ের নির্বাচন আয়োজনের সম্ভাবনা কম। স্থানীয় পর্যায়ের নির্বাচন না করার বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন (সিটি, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) চারটি পর্যায়ের নির্বাচন আছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরামর্শে কমিশন এসব নির্বাচন করে থাকে। তিনি বলেন, সিটি, উপজেলা ও পৌরসভাসহ অনেক প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হলেও সংসদ নির্বাচন আসন্ন হওয়ায় এই নির্বাচনের আগে নতুনভাবে স্থানীয় পর্যায়ের কোন নির্বাচন না করার পক্ষে কমিশন। বিভক্ত ডিসিসি, পৌরসভা এবং উপজেলা পরিষদের তফসিল ঘোষণার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরামর্শে ইসি সম্প্রতি কিছু নির্বাচন স্থগিত করে। মো. শাহ নেওয়াজ বলেন, সংসদ বহাল রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে ওই সময়ে কারা লাভজনক পদে থেকে প্রার্থী হতে চান তা যাচাই করে দেখবো। ভারতসহ অন্যান্য গণতান্ত্রিক দেশের আইন পর্যালোচনা করে সবার জন্য নির্বাচনী প্রচারের সমান সুযোগ রেখে আচরণ বিধিমালা তৈরি করা হবে।