আলোচিত দল বিএনএফ বিলুপ্ত ঘোষণা করলেন নাজমুল হুদা
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৭
বর্তমানে দেশে আলোচিত ‘রাজনৈতিক দল’ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) বিলুপ্ত ঘোষণা করেছেন দলটির প্রতিষ্ঠাতা সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। গতকাল রাজধানীর তোপখানা রোডে নিজ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, আমি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলাম, আমিই এর বিলুপ্তি ঘোষণা করছি। একই সঙ্গে এই দলের নিবন্ধনের জন্য যে আবেদন করা হয়েছিল তা-ও প্রত্যাহারের ঘোষণা দিলাম। আমি বিএনএফকে সুপ্ত অবস্থা থেকে পুনরুজ্জীবিত করেছিলাম কিন্তু দলটির প্রধান সমন্বয়ক আবুল কালাম আযাদ বিএনপিকে ধ্বংস করার প্রত্যয়ে লিপ্ত রয়েছেন। এ অবস্থা চলতে দেয়া যায় না। জনগণের মধ্যে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তা অবসানের লক্ষ্যে বিএনএফ বিলুপ্তি করা হয়েছে।
বিএনপির রাজনৈতিক মূলনীতি এবং দলটির ’ধানের শীষ’ প্রতীকের মতো দেখতে ’গমের শীষ’ বরাদ্দ দিয়ে বিএনএফকে নিবন্ধন প্রদান নিয়ে বিএনপি এবং নির্বাচন কমিশনের মুখোমুখি অবস্থানের মধ্যে এই ঘোষণা দিলেন নাজমুল হুদা। বিএনপি অভিযোগ করে আসছে, ‘সরকারের ষড়যন্ত্রের’ অংশ হিসাবে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে বিএনপি ভাঙতে নির্বাচন কমিশন বিএনএফ-কে নিবন্ধন দেয়ার তোড়জোড় চালাচ্ছিল।