রাজধানীতে কালবৈশাখী

রাজধানীতে গতকাল শুক্রবার সন্ধ্যায় ইফতারের পরপর তীব্র কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এ সময় মধ্য বাড্ডায় দেয়াল চাপা পড়ে দুইজন ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশে মুসল্লিদের নামাজ আদায় করার জন্য তৈরি অস্থায়ী প্যান্ডেল ভেঙে সফিকুল ইসলাম (৩৫) নামে আরো একজন নিহত হয়েছেন। এ ছাড়া ঝড়ে অর্ধশত লোক আহত হয়েছে। ঝড়ে বিভিন্ন সড়কের পাশে থাকা গাছ ও   বিলবোর্ড ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে অনেক বহুতল ভবনের কাঁচের জানালা ভেঙে সড়কে পড়ে। ইফতারির পরপরই ঝড় শুরু হওয়ায় ঘরমুখী মানুষ পড়েন বেশ বিপাকে। সঙ্গে দমকা হাওয়াসহ বৃষ্টি থাকায় ভোগান্তি আরো বাড়ে।

আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, গতকাল সন্ধ্যার কালবৈশাখী ঝড় মৌসুমের বড় ধরনের একটি ঝড়। এ ঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠেছিল ঘণ্টায় ৯৩ কিলোমিটার। দেশের অন্যান্য স্থানেও এ ঝড় বয়ে গেছে।

বায়তুল মোকাররম মসজিদের প্যান্ডেল ভেঙে পড়ার সময় সেখানে উপস্থিত লোকজন জানিয়েছেন, ত্রিপল ও বাঁশ দিয়ে তৈরি প্যান্ডেলে ঘটনার সময় দুই শতাধিক মুসল্লি নামাজ পড়ছিলেন। এ সময় হঠাত্ ঝড়ে প্যান্ডেলটি ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন মুসল্লি আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা সফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। প্যান্ডেল ভেঙে যাওয়ার ঘটনায় আহতরা হলেন— ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (মসজিদ ও মার্কেট বিভাগ) মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার , সিটি এসবির সহকারী উপপরিদর্শক শরিফুল ইসলাম, রফিউজ্জামান, মনিরুল ইসলাম,  আব্দুল কুদ্দুস, জানে আলম, সাদিকুর রহমান, তারেক রহমান, মাসুদ, জহিরুল ইসলাম, সজীব, আওয়াল, বিপ্লব ও আমিন উল্লাহ।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (মসজিদ ও মার্কেট বিভাগ) মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘শুক্রবার মসজিদে প্রচুর লোক হয়, এর মধ্যে রমজান মাস, তাই মসজিদের দক্ষিণ গেটে মুসল্লিদের নামাজের জন্য একটি প্যান্ডেল করা হয়। মাগরিবের নামাজের সময় প্রবল ঝড়ে প্যান্ডেলটি ভেঙে পড়ে। তখন সেখানে ১০০ থেকে ১৫০ জনের মতো মুসল্লি ছিলেন। এদের মধ্যে ১৪-১৫ জন আহত হয়েছেন বলে তিনি জানান।’

এ দিকে, নিহত সফিকুলের শ্যালক সাইফুল ইসলাম জানান, নিহত সফিকুল ইসলামের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলায়। তিনি ঢাকায় একটি টায়ারের দোকানে কাজ করতেন। সফিকুল গতকাল মাগরিবের ফরজ নামাজ শেষে সুন্নাত পড়ার জন্য দাঁড়ালে হঠাত্ ঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যে প্যান্ডেলটি ভেঙে পড়ে। এরপর শফিকুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে দায়িত্বরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

এ দিকে, বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম জানান, মধ্য বাড্ডায় প্রাণ সেন্টারের পাশে বিকল্পধারার মেজর মান্নানের একটি ফাঁকা প্লট রয়েছে। ওই প্লটে দেয়াল দিয়ে ঘেরা টিনশেডের কয়েকটি ঘর রয়েছে। ঝড়ে একটি দেয়াল ধসে তিনজন আহত হয়। এর মধ্যে বুলবুল বিশ্বাস ও তপন নামের দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ও একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।  চিকিত্সাধীন বুলবুল ও তপন রাত ৮টায় মারা গেছেন। অপর দিকে, মোহাম্মদপুরে ঝড়ে গাছ ভেঙে পড়ে দুইজন আহত হয়েছেন।