রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাত্

সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া গতকাল সোমবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপির উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ এ সময়ে সেনা প্রধানের সঙ্গে ছিলেন। বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ভুঁইয়া চীন ও নিউজিল্যান্ডে সফরের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন। বৈঠকে বিইউপি’র উপাচার্য আগামী বুধবার বিইউপির নতুন একাডেমিক ও প্রশাসনিক ভবন উদ্বোধনের জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়ে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। পরে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এম এনামুল বারি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করে চীন সফর সমপর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতির কার্যালয়ে সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।