রাবি’তে গুলি বিনিময়ের ঘটনায় দুই শিবির নেতা আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত রবিবার ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় দুই শিবির নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় নগরীর লক্ষ্মীপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে ছাত্রশিবিরের রাবি শাখার ভারপ্রাপ্ত আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিককে মহানগর গোয়েন্দা পুলিশ আটক করে। এছাড়া গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ ছাত্রশিবিরের মতিহার হল শাখার সভাপতি আবু সুফিয়ানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গ্রেফতার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন তাদের আটকের সত্যতা স্বীকার করে জানান, রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া গুলিবিদ্ধ আবু সুফিয়ানকে পুলিশ পাহারায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। মতিহার থানার ভারপ্রাপ্ত কমকর্তা এসএম আবদুস সোবহান জানান, গোলাগুলির ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। উল্লেখ্য, গত রবিবার ক্যাম্পাসে শিবিরের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের গুলি বিনিময়ে দুই ছাত্রশিবির নেতাসহ তিনজন গুলিবিদ্ধ হন।