তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে : ড. কামাল

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, কোন দলীয় নয়, তত্ত্বাবধায়ক সকারের অধীনেই নির্বাচন হতে হবে। একাত্তরের স্বাধীনতা যুদ্ধে, নব্বইর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অসম্ভবকে সম্ভব করেছি। তাই এবারের তত্ত্বাবধায়ক সরকার আমরা দেশবাসীকে সাথে নিয়ে ফিরিয়ে আনবো। গতকাল সোমবার নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। জনসভায় বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, দেশের সিংহভাগ মানুষ যা চায় সরকারকে তাই মানতে হবে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, কারোর গোলামী করার জন্য দেশ স্বাধীন করিনি। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা না হলে প্রধানমন্ত্রী একজন ইউপি মেম্বরও হতে পারতো না। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাসদ সভাপতি আসম আবদুর রব ও বিকল্প ধারা মহাসচিব এম. এ. মান্নান। সভায় সভাপতিত্ব করেন গণফোরামের জেলা শাখার সভাপতি এডভোকেট হিরণ কুমার দাস মিঠু।