পানির নামে বিষ পাই বিলের টাকা ফেরত চাই

 ‘পানির নামে বিষ পাই, বিলের টাকা ফেরত চাই’, ‘ওয়াসার পানি রোগের কারণ, দিতে হবে ক্ষতিপূরণ’ প্ল্যাকার্ডে এমন স্লোগান নিয়ে পদযাত্রা করেছে রাজধানীবাসী। গতকাল শুক্রবার পূর্ব জুরাইন থেকে শুরু হয়ে পদযাত্রাটি শনির আখড়া আর এস শপিং কমপ্লেক্স মার্কেটের সামনে এসে শেষ হয়।

পদযাত্রায় অংশ নেন জুরাইন, কদমতলী ও শনির আখড়াসহ বিভিন্ন এলাকার পানি সংকটের ভুক্তভোগী নাগরিকরা। এসময় তারা ওয়াসার পানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদত্যাগসহ নিরাপদ পানির জন্য পাঁচ দফা দাবি জানিয়েছেন।

এলাকাবাসী বলছেন, ওয়াসার পক্ষ থেকে দফায় দফায় শিগগিরই সংকট সমাধানের কথা বলা হলেও তা বাস্তবায়ন করা হয়নি বরং ওয়াসার এমডি মিথ্যাচার করছেন। এ অবস্থায় দায়িত্ব পালন করতে না পারলে তাকে  পদত্যাগ করতে হবে এবং ওয়াসাকে অবিলম্বে সুপেয় পানি সরবরাহ করতে হবে।

ক্ষোভ প্রকাশ করে জুরাইনবাসী বলেন, গত ১০ বছর ধরে তারা ওয়াসা থেকে যে পানি পাচ্ছেন সেটা একেবারেই খাওয়ার যোগ্য না। এমনকি ব্যবহারেরও যোগ্য না। ওয়াসা যদি ভালো পানি না দেয় তাহলে বিল দেওয়া বন্ধ করে দেবেন বলে জানান তারা।

ভুক্তভোগীদের পাঁচ দফা দাবি হলো যেসব বাসাবাড়ি ও এলাকায় পানি নেই বা নোংরা ময়লা পানি আসছে সেসব বাসাবাড়ি ও এলাকায় দ্রুততম সময়ে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে; দূষিত পানির কারণে জুরাইন, শ্যামপুর, মুরাদপুর, দনিয়া এলাকায় যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন, তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ দিতে হবে; এর আগে দূষিত পানি সরবরাহ করেও যে বিল নেওয়া হয়েছে, গ্রাহকদের সেই বিল ফেরত দিতে হবে এবং ভবিষ্যতে সুপেয় পানি না পাওয়া পর্যন্ত এ অঞ্চলের মানুষ বিল পরিশোধ করবে না; ওয়াসা কীভাবে বছরের পর বছর ধরে নোংরা ও দূষিত পানি সরবরাহ করে আসছে, সে বিষয়ে তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে; এবং অসত্য বক্তব্যের জন্য ওয়াসার এমডিকে ক্ষমা চাইতে হবে, দায়িত্ব পালন করতে না পারলে পদত্যাগ করতে হবে।

নিরাপদ পানি আন্দোলনের প্রধান সমন্বয়ক মিজানুর রহমান বলেন, ‘প্রথমত আমরা রাষ্ট্রকে জানাতে চাই, জুরাইনে মানুষ থাকে, কীটপতঙ্গ নয়। দ্বিতীয়ত আমরা শেষ পর্যন্ত বাসাবাড়িতে কল খুলে ওয়াসার সুপেয় পানি খেতে চাই। তাই ভুক্তভোগী জনগণকে একীভূত করতে আমাদের এই পদযাত্রা।’

তিনি আরো বলেন, ‘বারবার আশ্বাস দেওয়া হলেও ২৩ এপ্রিলের পর থেকে আমরা আজ পর্যন্ত সুপেয় পানি পাইনি। গত ২৫ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি যুক্ত হয়ে ওয়াসার এমডি বলেছেন, খুব শিগগিরই এই সংকটের সমাধান করা হবে। কিন্তু আজ পর্যন্ত কোনো সমাধানের লক্ষণ নেই। যদি রাষ্ট্র আমাদের দিকে নজর দিত তাহলে এমন হতো না।’