উ দ্ভা ব ন
মোবাইলের খুদে বার্তায় বিদ্যুত্ নিয়ন্ত্রণ!
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ১৮:৪২
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাসুম বিল্লাহ ও লাবিব এবং যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জিএম সুলতান মাহমুদ রানা। ২০১১ সালে ইউনিভার্সাল স্মার্ট এনার্জি মিটার নিয়ে কাজ শুরু করেন তিনজন। প্রায় দুই বছর পর সফলতার মুখ দেখেন তারা। তাদের এ মিটার উদ্ভাবনের ফলে মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেই বিদ্যুত্ নিয়ন্ত্রণ করা যাবে। দরকার হবে না আইপিএস, জেনারেটর ও ব্যাটারির। মিটারটি ব্যবহার করলে ২৪ ঘণ্টা বিদ্যুত্ সুবিধা পাবেন গ্রাহকরা। দেশের আবাসিক অঞ্চলের জন্য মিটারটি অভাবনীয় সাফল্য ধরে রাখবে বলে দাবি উদ্ভাবকদের। মিটারটির মাধ্যমে ডিস্ট্রিবিউশনকারী প্রতিষ্ঠান প্রিপেইড ও পোস্টপেইড দুই ধরনের সুবিধাই পাবে। ভূতুড়ে বিল থেকে মুক্তি পাবেন গ্রাহকরা। এছাড়া মিটারটির ব্যবহারে রয়েছে নানাবিধ সুবিধা। তারা জানান, এই ব্যতিক্রমধর্মী মিটারের চিন্তা লাবিব ও মাসুম বিল্লাহর মাথায় প্রথম আসে। পরবর্তীতে প্রোগ্রামিং ও অন্যান্য টেকনিক্যাল কাজে সহযোগিতার জন্য রানাও তাদের সঙ্গে যোগ দেয়। এতে সার্বিক সহযোগিতা করেন তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম। উদ্ভাবকদের দাবি, এই মিটারের মাধ্যমে দেশের আবাসিক এলাকায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হওয়া রোধ করা যাবে। গ্রাহকরা ২৪ ঘণ্টা বিদ্যুতের সুবিধা পাবেন। সরকার বাণিজ্যিকভাবে মিটারটির বাস্তবায়ন ঘটালে দেশের বিদ্যুতের সমস্যা দূরসহ বিদ্যুত্খাতে বছরে প্রায় পাঁচশ’ কোটি টাকা নন-টেকনিক্যাল ক্ষতি দূর করা সম্ভব হবে।’