হাসপাতালে দিলীপ কুমারকে দেখতে অমিতাভ বচ্চন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩১
বেশ কিছুদিন ধরেই বুকে ব্যথাসহ নানা কারণে মুম্বাইস্থ লীলাবতী হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। তাকে দেখতে এই পর্যন্ত অনেক বলিউডি তারকাই ভিড় করেছেন। এবার অসুস্থ দিলীপ কুমারকে দেখতে হাসপাতালে গেলেন
অমিতাভ বচ্চন। আর এই দুই কিংবদন্তির একসঙ্গের ছবি পোস্ট করলেন দিলীপ কুমার স্বয়ং। দিলীপ কুমার টুইটারে লিখেন, ‘আইসিইউ থেকে জেনারেল বেডে ফিরে বেশ ভালো লাগছে। সিনিয়র বচ্চনকে ভিজিটর হিসেবে দেখে দারুণ লাগল।’ গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে লীলাবতী হাসপাতালে দিলীপ কুমারকে দেখতে যান অমিতাভ।
উল্লেখ্য, গত সপ্তাহের রবিবার বুকে ব্যথা অনুভব করায় ৯০ বছর বয়সী এই কিংবদন্তি অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ায় আইসিইউতে রাখা হয়। আইসিইউ থেকে গত রবিবার তাকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়। সার্বক্ষণিক তার সঙ্গে ছিলেন স্ত্রী সায়রা বানু। এ ছাড়াও তার খবর পাওয়ার জন্য হাসপাতাল প্রাঙ্গণে সাধারণ জনতারাও ভিড় ছিল বেশ ক’দিন। উল্লেখ্য, ‘কিং অব ট্র্যাজেডি’খ্যাত এই অভিনেতা ‘দেবদাস’, ‘মুঘল-ই-আজম’, ‘গঙ্গা যমুনা’র মতো অমর সব চলচ্চিত্র উপহার দিয়েছেন।