ইরানের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ চাই না। ট্রাম্প প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, বুধবার সহযোগীদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র চায় না ইরানের ওপর দেওয়া চাপ সংঘাতে রূপ নিক। এদিকে ইরানের একজন সিনিয়র সামরিক কর্মকর্তা বলেছেন, ইরানের দিকে বন্দুক তাক করে যুক্তরাষ্ট্র আলোচনার কথা বলছে। খবর বিবিসি ও রয়টার্সের

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা জানান, ইরানের হুমকির কারণেই উপসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন এবং ইরাক থেকে কিছু কূটনৈতিক প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াচ্ছে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প  বলেন, আশা করি সেটা হবে না। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের সঙ্গে উত্তেজনা কমিয়ে আনতে ইউরোপীয় মিত্রদের সঙ্গে ঐকমত্যে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ওমানের সুলতান কাবুস বিন সায়েদ আল সায়েদের সঙ্গে পারস্য উপসাগরে ইরানের হুমকির বিষয়ে আলোচনার করেছেন পম্পেও। ওমান ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে মধ্যস্ততা করে আসছে। রাশিয়া সফরে পম্পেও বলেছেন, ইরানের সঙ্গে আমরা যুদ্ধ চাই না। ইরানের সশস্ত্র বাহিনীর (রাজনৈতিক) উপ-প্রধান রাসৌল সানাদ রাদ প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘অসত্’ উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ সৃষ্টি করছে। আবার আলোচনার কথাও বলছে। এ যেন কারো ঘাড়ে বন্দুক রেখে আলোচনার কথা বলা। আলোচনার প্রস্তাবের মাধ্যমে বিশ্বে তারা নিজেদের শান্তিপূর্ণ ভাবমূর্তি প্রকাশ করতে চাইছে।