মাহাদীর সহশিল্পী পূজা

ক্লোজআপ ওয়ান সংগীত প্রতিযোগিতা থেকে আসা সবাই নিজেদের গান নিয়ে আলোচনায় আসতে পারেননি। এমনকি দু-একজন কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীত পরিচালনায় আসার কারণে নিজের দুটি ক্যারিয়ারই ডুবিয়েছেন। সেদিক দিয়ে মাহাদীর ক্যারিয়ার গ্রাফ একেবারে ভিন্ন। নিজের মতো করেই চাকরি আর গানের সাথেই নিবিষ্ট থেকেছেন। খুব বড় কিছুর প্রত্যাশা নিয়ে চলেন না বলে সাফল্যও যেন ধারাবাহিকভাবে তাকে ছুঁয়ে গেছে বারবার। অন্যদিকে সাম্প্রতিক সময়ে বেশ কিছু গান দিয়ে আলোচনায় রয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতা থেকে আসা আলোচিত গায়িকা বাঁধন সরকার পূজা। মিউজিক ভিডিওর কল্যাণে আলোচনার তালিকায় তাকেও পাওয়া যায়। সম্প্রতি প্রথমবারের মতো একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় এই দুই সংগীত তারকা। ‘বল কবে’ শীর্ষক রোমান্টিক এই গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর-সংগীতায়োজন করেছেন সজীব দাস। সম্প্রতি সজীব দাসের মোহম্মদপুরস্থ স্টুডিওতে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহাদি-পূজা। গানটি ফয়সাল রাব্বিকীনের কথা-আয়োজনের দ্বিতীয় মিশ্র অ্যালবামে স্থান পাবে। এই অ্যালবামটি আসছে কোরবানি ঈদে প্রকাশ পাচ্ছে। এই দুই তারকা ছাড়াও অ্যালবামটিতে এ প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা গান গাইছেন। এ বিষয়ে মাহাদি বলেন, ‘আমি আসলে খুব কম কাজ করি। বেছে বেছে কাজ করাটাই আমার পছন্দ। সেই ধারাবাহিকতায় ‘বল কবে’ গানটি করেছি। এর কথা, সুর-সংগীত সবই খুব মনে ধরেছে আমার। একটা মজা খুঁজে পাওয়া যাবে গানটিতে। আমি নিজেও বেশ সময় নিজে কণ্ঠ দিয়েছি গানটিতে।’