কেনিয়ার শপিংমলে ফের প্রচণ্ড বন্দুকযুদ্ধ

কেনিয়ার রাজধানী নাইরোবির অভিজাত শপিংমল ওয়েস্টগেটে আবার প্রচণ্ড গুলির শব্দ শোনা গেছে। কেনীয় নিরাপত্তা বাহিনী ওয়েস্টগেটের নিয়ন্ত্রণ নিয়েছে বলে এর আগে দাবি করা হয়েছিল। কেনিয়ার বিশেষ বাহিনীর সঙ্গে আল শাবাব যোদ্ধাদের প্রচণ্ড গুলি বিনিময় হচ্ছে। বন্দুকযুদ্ধ অবরুদ্ধ শপিংমলের বাইরেও ছড়িয়ে গেছে। —খবর রয়টার্স ও আল জাজিরা সোমালি আল শাবাব জঙ্গিদের হামলায় এই বিপণি বিতানটিতে অন্তত ৬২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কেনীয় কর্মকর্তারা। জঙ্গিদের হামলা ও জিম্মি সঙ্কটে তিনদিনের অচলাবস্থার পর ওয়েস্টগেইট পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার কথা মঙ্গলবার দিনের শুরুতে জানিয়েছিল দেশটির নিরাপত্তা বাহিনী। সোমবার সারাদিন ধরে গোলাগুলি ও একের পর এক বিস্ফোরণের পর রাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভবনটির দখল নেয়ার সময় কোনো প্রতিরোধের সম্মুখীন হয়নি বলে জানিয়েছিলেন কেনিয়ার এক সরকারি কর্মকর্তা। তবে হামলাকারীদের কেউ কেউ ভবনটিতে লুকিয়ে থাকতে পারে আশঙ্কায় নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছিলেন তিনি। সেই আশঙ্কাই বাস্তব হয়ে দেখা দিয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। কেনীয় সরকারি ভাষ্যে দাবি করা হয়েছিল, শেষ জিম্মিকে উদ্ধার করার পর মঙ্গলবার দিনের শুরুতে বিপণি বিতানটির প্রতিটি তলায় চূড়ান্ত তল্লাশি অভিযান চালায় পুলিশ। কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যোশেফ ওলে লেঙ্কু বলেছিলেন, ওই ভবনের প্রতিটি তলায় তল্লাশি চালিয়ে দেখা হয়েছে। সব জিম্মিই এখন মুক্ত। হামলায় অংশগ্রহণকারী জঙ্গিদের জাতীয়তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। হামলাকারীদের মধ্যে সোমালি ছাড়া অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন বলে কেনীয় কর্তৃপক্ষের ধারণা।