বউয়ের ভয়ে সিগারেট ছেড়েছি বারাক ওবামা

বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মানুষটি কিনা বউয়ের ভয়ে সিগারেটে ছেড়েছেন! গত ছয় বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ধূমপান করছেন না। জাতিসংঘের সাধারণ পরিষদের সাইড লাইনের এক অনুষ্ঠানের শেষে বারাক ওবামা এ মন্তব্য করেন। খবর এনডিটিভির। জানা গেছে, ওই অনুষ্ঠানের শেষে ওবামা দাঁড়িয়ে তার পাশের জনকে জিজ্ঞেস করেন, তিনি সিগারেট ছেড়েছেন কিনা। এরপর পাশের ওই ব্যক্তি ওবামাকে জিজ্ঞেস করেন তিনি এখন ধূমপান করেন কিনা। তখন বারাক ওবামা মৃদু হেসে বলেন, খুব সম্ভবত গত ছয় বছর ধরে আমি ধূমপান করি না। এর কারণ হয়তো আমার বউ, তাকে যে খুব ভয় পাই। বারাক ওবামাকে এখন ফিট স্বাস্থ্য ও সুস্থ জীবন-যাপনের অধিকারী হিসেবে সবাই জানলেও তিনি তার ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ আত্মজীবনীতে সিগারেটের প্রতি দুর্বলতার কথা স্বীকার করেছেন। ২০০৮ সালে ওবামার প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার ধূমপান ও এটি ছাড়ার প্রচেষ্টার কথা মিডিয়াতে খুবই জনপ্রিয় বিষয় হয়ে ওঠে।