বিভিন্নস্থানে ৭জন খুন

দেশের বিভিন্নস্থানে পৃথক ঘটনায় ৭জন নিহত। খবর প্রতিনিধি ও সংবাদদাতাদের। ঝিনাইদহ সোমবার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে আল মামুন ( ১৬ ) নামে এক স্কুল ছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে ফুলহরি হাইস্কুলের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। সে আলমডাঙ্গা হাইস্কুলের ৯ম শ্রেণীর ছাত্র ও ফুলহরি বাগানপাড়ার আব্দুল মান্নান বিশ্বাসের ছেলে। লোহাগাড়া (চট্টগ্রাম) চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া হানিফারচর এলাকায় স্বামীর বেদম প্রহারে তৃতীয় স্ত্রী জেসমিন আক্তার (২০) খুন হয়। জানা যায়, গত ২২ সেপ্টেম্বর স্বামী আবদুল কুদ্দুছ স্ত্রী জেসমিন আক্তারকে প্রহার করলে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৩ সেপ্টেম্বর চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জেসমিন আক্তার ও আবদুল কুদ্দুছের মধ্যে দু’বছর পূর্বে বিয়ে হয়। সে এক সন্তানের জননী। কালিয়াকৈর ( গাজীপুর) কালিয়াকৈরে উজ্ঝল হোসেন হূদয় নামে এক প্লাষ্টিক কারখানার শিশু শ্রমিক নৃশংসভাবে খুন হয়েছে। নিহত হূদয় টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শিবপুর গ্রামের মোঃ আব্বাস আলীর পুত্র। ওই শিশু শ্রমিক কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় কিচেন ওয়ার ইন্ডাষ্ট্রিজ নামে একটি প্লাষ্টিক কারখানায় হেলপার হিসাবে কর্মরত ছিল। তার খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোঃ আবু বক্কর নামে এক শ্রমিককে আটক করেছে পুলিশ। মঠবাড়িয়া (পিরোজপুর) মঠবাড়িয়া থানা পুলিশ সোমবার রাতে উপজেলার বাঁশবুনিয়া গ্রাম হতে হাসান মিয়া নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে। নিহত হাসান পাশ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ইকড়ি গ্রামের আমির হোসেন হাওলাদারের পুত্র। এদিকে সোমবার বিকেলে উপজেলার নিজামিয়া খাল হতে থানা পুলিশ অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে। সেনবাগ (নোয়াখালী) সোমবার রাতে সেনবাগ থানা পুলিশ উপজেলার শ্রীপদ্দি গ্রাম থেকে উর্মি মজুমদার (২০) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করে। উর্মি মজুমদার নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ১ম বর্ষের উদ্ভিদ বিজ্ঞানের ছাত্রী এবং উপজেলার শ্রীপদ্দি গ্রামের মৃত অমৃত লাল মজুমদারের মেয়ে। তবে কি কারনে ঘটনাটি ঘটেছে তার নিশ্চিত কোন কারণ পুলিশ বা স্থানীয় সূত্র থেকে জানা যায়নি। বেতাগী(বরগুনা) রবিবার রাতে বেতাগী থানা পুলিশ হোসনাবাদ ইউনিয়নের চর ছোপখালী গ্রাম থেকে পাখি রানী দাস (২২) নামে ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকেই গৃহবধুর স্বামী যাদব চন্দ্র দাস পলাতক রয়েছে। বেতাগী থানার ওসি বাবুল আকতার জানান, ঘরের আড়ার সাথে পরনের শাড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় গৃহবধুর ঝুলন্ত লাশ পাওয়া গেছে।