ষষ্ঠ রাউন্ড থেকে থাকবেন না তারকারা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৫
চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ৫ম ও ৬ষ্ঠ রাউন্ডের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী শনিবার থেকে মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টটির ৫ম রাউন্ড। আর ৬ষ্ঠ রাউন্ড শুরু হবে ২ অক্টোবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক আকরাম খান জানিয়েছেন, আগামী ১ অক্টোবর থেকে আসন্ন নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন। তাই ৬ষ্ঠ রাউন্ডে দেখা যাবে না জাতীয় দল ও নিউজিল্যান্ডের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেয়া খেলোয়াড়দের।
চার রাউন্ডের খেলা শেষে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তিন ম্যাচের তিনটিতেই জিতে তাদের পয়েন্ট ৬। চার ম্যাচে সমান সংখ্যক জয় পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে মোহামেডানের পরেই অবস্থান করছে প্রাইম দোলেশ্বর ও গাজী ট্যাংক ক্রিকেটার্স।
উল্লেখ্য, দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ১ অক্টোবর বাংলাদেশে এসে পৌঁছাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এরপর চার থেকে ছয় অক্টোবর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচে অংশ নিবে সফরকারীরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টটি শুরু হবে নয় অক্টোবর।