অর্থ পুরস্কার পেলেন বাংলাদেশ গেমসের রেকর্ডধারীরা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৫
এপ্রিলে অনুষ্ঠিত বাংলাদেশ গেমসে যেসব ক্রীড়াবিদ রেকর্ড সৃষ্টি করেছেন তাদেরকে অবশেষে পুরস্কৃত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। গতকাল দুপুরে কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অর্থ পুরস্কার তুলে দিয়েছেন বিওএ’র সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। ইভেন্টে রেকর্ড সৃষ্টিকারী ক্রীড়াবিদদের এক লাখ টাকা এবং দলগত খেলায় রেকর্ড সৃষ্টিকারী ক্রীড়াবিদদের এক লাখ করে টাকা দেয়া হয়। অষ্টম বাংলাদেশ গেমসে সাইক্লিং, সাঁতার, ভারোত্তোলন, অ্যারচারী এবং অ্যাথলেটিকসে ২২টি রেকর্ড হয়।
নৌবাহিনীর সাঁতারু মাহফিজুর রহমানের চারটি, বিকেএসপির রোমান আক্তারের দুইটি, একই দলের সাঁতারু সোনিয়া আক্তার টুম্পা, সেনাবাহিনীর সাঁতারু জুয়েল আহমেদ, বিকেএসপির সাঁতারু পাপিয়া আক্তার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারোত্তোলক মোল্লা সাবিরা সুলতানা, আনসারের ভারোত্তোলক ফিরোজ মাহমুদ, ফাহিমা আক্তার ময়না, শাহরিয়ার সুলতানা সূচী, সেনাবাহিনীর ভারোত্তোলক হামিদুল ইসলাম, ফরাহদ আলী, আনসারের অ্যারচার জিয়া উল হক জিয়া, বিকেএসপির অ্যাথলেট জাকিয়া সুলতানা এবং সাইক্লিংয়ে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার আজিজুর রহমান, একই ইভেন্টে আনসারের সাহেরা খাতুন ব্যক্তিগত রেকর্ড গড়ে এক রাখ টাকা করে পেয়েছেন।
সাইক্লিংয়ে দলীয় ইভেন্টে আনসারের মহিলা দল এবং বিজিবির পুরুষ দল, অ্যারচারিতে আনসারের পুরুষ দল রেকর্ড গড়ে এক লাখ টাকা করে পুরস্কার পেয়েছেন।