তিন ম্যাচ নিষিদ্ধ!
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৫
লাল কার্ড, অখেলোয়াড়সুলভ আচরণ, অত:পর কয়েকম্যাচ নিষিদ্ধ - মারিও বালোতেল্লির নামের সাথেই যেন মিশে আছে। এবার ন্যাপোলির বিপক্ষে সিরিএতে ঘরের মাঠে গত রবিবার এসি মিলানের ২-১ গোলে পরাজয়ের ম্যাচে লাল কার্ড পাওয়া এই স্ট্রাইকার তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। ইতালিয়ান লিগের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পেনাল্টির সুযোগ নষ্ট করে ম্যাচের শেষ মুহূর্তে সান্ত্বনাসূচক একটি গোল করেন বালোতেল্লি। কিন্তু ম্যাচ শেষে রেফারির সাথে তর্ক বাঁধিয়ে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে সরাসরি লাল কার্ড পেয়ে তিন ম্যাচ নিষিদ্ধ হলেন ইতালিয়ান এই স্ট্রাইকার। লিগের বিবৃতিতে বলা হয়েছে লাল কার্ডের কারণে তিনি এক ম্যাচ নিষিদ্ধ হতেন। কিন্তু রেফারির সাথে খারাপ আচরণ করায় এবং রেফারিকে অপমান করায় তাকে আরো দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার পাশাপাশি এসি মিলানকে আগামী হোম ম্যাচে সান সিরো স্টেডিয়ামের কিছু অংশ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। মিলানের সমর্থকরা ন্যাপোলির সমর্থকদের উদ্দেশ্যে করে অপমানজনক মন্তব্য করায় সিরিএ লিগ ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত নেয়।