শেষ ম্যাচেও হারলো বাংলাদেশের মেয়েরা

দক্ষিণ আফ্রিকা সফরে নিজেদের শেষ ম্যাচেও হারলো বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। গতকাল মঙ্গলবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফিকার কাছে আট উইকেটের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ রানের মাথায় ওপেনার ফারজানা হক ১৫ রান করে আউট হয়ে গেলেও এরপর আয়েশা রহমান ও রুমানা আহমেদ ৯৩ রানের জুটি গড়েন। আয়েশা ৭০ ও রুমানা ৪৩ রান করে আউট হয়ে গেলে আর কেউ বলার মত রান করতে পারেননি। এক লতা মণ্ডল (২৩) ছাড়া অন্য কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। মার্সিয়া লেটসোয়ালো তিনটি উইকেট পান। শেষ পর্যন্ত ৪৮ ওভার তিন বলে অল আউট হওয়ার আগে মাত্র ১৭৭ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে বড় কোন বাংলাদেশি বোলাররা স্বাগতিকদের সামনে বড় কোন চ্যালেঞ্জ নিয়ে হাজির হতে পারেননি। ৩৮ ওভারে মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়া মেয়েরা। ত্রিশা চেটি ৭৬ ও মারিজেন কাপ ৫৯ রান করেন। এই নিয়ে, টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও হারলো সফরকারী বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।