মতিঝিলে ছাত্রদলের গাড়ি ভাংচুর
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২১
রাজধানীর মতিঝিলে ছাত্রদলের বিক্ষুব্ধ কর্মীরা প্রায় ১০/১২ টি গাড়ি ভাংচুর করেছে। তথ্য মন্ত্রীর বাসায় বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে চার্জশিট দেয়ার প্রতিবাদে ছাত্রদল কর্মীরা গাড়ি ভাংচুর করে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা পল্টন দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি ফকিরাপুল ও আরামবাগ এলাকা দিয়ে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে যায়। স্কুলের সামনে অভিভাবক যাত্রী ছাউনির পাশের রাস্তায় শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার জন্য ব্যক্তিগত প্রাইভেট কার ও মাইক্রোবাসগুলো পার্কিং করা ছিল। ছাত্রদলের কর্মীরা ঐ প্রাইভেট কার ও মাইক্রোবাসের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এসময় সেখানে অবস্থানরত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অভিভাবকরা গাড়ি ভাংচুর না করার অনুরোধ জানালেও ছাত্রদলের কর্মীরা ঐ অনুরোধ শোনেননি বলে একজন অভিভাবক অভিযোগ করেন। ঐ অভিভাবক জানান, তার মাইক্রোবাসটি ছাত্রদলের কর্মীরা ভাংচুর করে।
নারায়ণগঞ্জে ছাত্রদলের মিছিলে হাত বোমা বিস্ফোরণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানায়, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের একটি মিছিলে দুই দফা হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বোমা বিস্ফোরণের কারণে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পৌনে ১২টায় শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে মর্গ্যান স্কুলের সামনের গলি ঘুরে আবারো দলীয় কার্যালয়ে যাওয়ার সময়ে মুহুর্মুহু ১০-১২টি হাত বোমার বিস্ফোরণ ঘটে। তখন নেতাকর্মীরা ছুটোছুটি করে ছত্রভঙ্গ হয়ে যায়। পরে যুগ্ম আহবায়ক রশিদুর রহমান রশো আবারো নেতাকর্মীদের একত্রিত করে মিছিল করার চেষ্টা করলে সেখানেও ৩-৪টি হাত বোমার বিস্ফোরণ ঘটে।
রাজশাহীতে বাস ভাংচুর
রাজশাহী অফিস জানায়, রাজশাহীতে পুলিশের সাথে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষে ৫ ছাত্রদল নেতাকর্মী আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাজশাহী কলেজের সামনে এই ঘটনা ঘটে। এসময় পুলিশ জেলা ছাত্রদলের কর্মী শাহ আলমকে আটক করেছে।