বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা না দেয়ায় জাতি আশাহত
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২১
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা না দেয়ায় জাতি আশাহত হয়েছে। কিছু উগ্রপন্থি ও সংবিধান বিরোধীদের কারণে তারা এ ফর্মুলা দিতে পারেনি। এর মাধ্যমে বিএনপি নিজেদের ফাঁদে পা দিয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত ‘প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর, আগামী সংসদ নির্বাচন, দেশবাসির ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নির্বাচনকালীন মন্ত্রীদের আচরণবিধি আর বর্তমান মন্ত্রীদের আচরণ এক হবে না। তাই ওই সময় মন্ত্রীদের আচরণ কেমন হবে এ নিয়ে নির্বাচন কমিশনকে এখনই ভাবতে হবে। আওয়ামী লীগের এই উপদেষ্টা বিএনপির উদ্দেশে বলেন, আপনাদের যেহেতু সংবিধান পরিবর্তনের খায়েশ, সেহেতু নির্বাচনে জয়ী হয়ে নিজেদের মত সংবিধান পরিবর্তন করুন এবং পরবর্তী নির্বাচন আপনাদের পরিকল্পনা অনুযায়ীই করুন। সংগঠনের সহ-সভাপতি নাজির মিয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।