দিল্লিতে বিশাল শো-ডাউনের প্রস্তুতি নরেন্দ্র মোদীর
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২১
২০১৪ সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী গুজরাট মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী জোরালোভাবে নির্বাচনী প্রচারণা যুদ্ধে নেমে পড়েছেন। আগামী ২৯ সেপ্টেম্বর রাজধানী দিল্লিতে বিশাল শো-ডাউনের প্রস্তুতি নিয়েছেন তিনি। এই শো-ডাউনকে সফল করার মাধ্যমে ক্ষমতাসীন দল কংগ্রেসকে তাক লাগিয়ে দিতে চান মোদী ও তার দল। খবর জি নিউজের।
সূত্র জানায়, নরেন্দ্র মোদীকে দলের প্রধানমন্ত্রী প্রার্থী করার পর স্বয়ং বিজেপি নেতারাই তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন। বর্ষীয়ান বিজেপি নেতা এল কে আদভানি সংসদীয় বোর্ডের বৈঠকে পর্যন্ত যাননি। কিন্তু মোদীকে নির্বাচনের পর সবাই তার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে আসন্ন লোকসভা নির্বাচনে ‘ম্যাজিক’ দেখাতে পারবেন বলে বিশ্বাস করেন মোদী। এই বিশ্বাস থেকেই আয়োজন করেছেন এক মেগা র্যালির। রোহিনীর জাপানি পার্কে আয়োজন করা এই র্যালিতে কমপক্ষে ৪ লাখ সমর্থককে জড়ো করার টার্গেট নিয়েছে মোদীর সমর্থকরা। মোদীর বক্তব্য সরাসরি শোনার সুবিধার্থে শহরজুড়ে ১০০ এলইডি স্ক্রীন বসাবে তার দল। বিজেপি মনে করছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটকে ক্ষমতা থেকে সরানোর ক্ষমতা এই মুহুর্তে কেবল মোদীরই আছে। তাই এখন থেকেই নির্বাচনের আগ পর্যন্ত জোর প্রচারণা অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।