যা ঘটতে পারে ট্রিলিয়নে মাত্র একবার...
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৪
পৃথিবীতে মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে যা সত্যিই বিস্ময়কর। আর এটা মানুষকে নানা চিন্তার মধ্যে ফেলে দেয়। যদিও সেটা মানুষের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। ব্রিটেনে এমনই এক আশ্চর্য ঘটনা ঘটেছে। এক ব্যক্তি ছয়টি ডিমের প্রত্যেকটিতে দু’টি করে কুসুম পেয়েছেন!
জন উইনফিল্ড (৪৮) নামের ওই ব্যক্তি জানান, তিনি তার ব্রেডসেলের বাসার কাছের একটি দোকান থেকে ছয়টি ডিমের একটি বক্স কিনে আনেন। তিনি এবং তার স্ত্রী একটি ডিম অমলেট করতে যান। কিন্তু বিস্ময়কর ঘটনাটি ঘটে তখনই। ডিম ভেঙ্গেই দেখেন, দুটি কুসুম। এরপর আরেকটি ডিম ভেঙ্গে দেখেন, এবারও দুটি কুসুম। এবার চিন্তায় পড়ে যান তিনি। কি করবেন ভাবনায় পড়ে যান। কিছুটা নার্ভাস হয়ে পড়েন তিনি। এরপর সব ডিম ভাঙ্গেন এবং একই চিত্র দেখতে পান! উইনফিল্ড জানান, আমার জীবনে আমি এধরনের ডিম দেখতে পায়নি। ব্রিটেনের ডিম বিষয়ক তথ্য প্রদানকারী সংস্থা জানিয়েছে, এক হাজার ডিমের মধ্যে একটি ডিমে দুটি কুসুম থাকার সম্ভাবনা থাকে। তবে একটি বক্সে ছয়টি ডিমে দুটি কুসুম ট্রিলিয়নে (এক লাখ কোটিতে) একবার হতে পারে! -ইউপিআই