তরুণী ধর্ষণের দায়ে চট্টগ্রামে তিন জনের মৃত্যুদণ্ড

নগরীর ষোলশহর এলাকার একটি বাসায় তিনদিন আটকে রেখে উপজাতীয় তরুণীকে পালাক্রমে ধর্ষণের দায়ে তিন তরুণকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত তিন যুবক হলেন কামাল উদ্দিন প্রকাশ জুয়েল (২২), মো. ইকবাল হোসেন (২০) এবং সুমন রবি দাশ (১৮)। তাদের সবার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। এরপর দণ্ডপ্রাপ্তদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।