নিজস্ব ভবন নেই

গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কাজ ব্যাহত

গাজীপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিজস্ব ভবন না থাকায় এ আদালতে বিচার কাজ দারুণভাবে ব্যাহত হচ্ছে। ফলে আদালতের বিচারকগণ, আইনজীবী এবং বিচারপ্রার্থীরা প্রতিনিয়ত বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। নির্বিঘ্নে বিচার কাজ সম্পন্ন করতে না পারার কারণে উক্ত আদালতে মামলার জট বৃদ্ধি পাচ্ছে। মামলায় দীর্ঘসূত্রতা সৃষ্টি হচ্ছে এবং বিচারপ্রার্থীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। এ ব্যাপারে গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আব্দুস ছোবহান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন চৌধুরী জানান, আদালত ভবন নির্মাণের অনুমোদন থাকা সত্ত্বেও শুধু আমলাতান্ত্রিক জটিলতার কারণে দীর্ঘ দু’বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও গাজীপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না। এতে বিচার কাজ দারুণভাবে ব্যাহত হচ্ছে। শিল্প সমৃদ্ধ গাজীপুরে ম্যাজিস্ট্রেট আদালতে মামলার সংখ্যা বিশ হাজারের অধিক। এ সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ জন্য বিচার কাজ ত্বরান্বিত হওয়া প্রয়োজন অথচ গাজীপুরে তা বিলম্বিত হচ্ছে।