মুঈনুদ্দিন ও আশরাফের বিরুদ্ধে অভিযোগের যুক্তি উপস্থাপন শেষ
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৫
একাত্তরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মামলার অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউটর সাহিদুর রহমান অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করেন। আজ বুধবার রাষ্ট্রপক্ষ মামলার আইনী বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করবে।
সাহিদুর রহমান সাংবাদিক সিরাজুদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, সেলিনা পারভিন, সৈয়দ নাজমুল হক, আ ন ম গোলাম মোস্তফা, নিজাম উদ্দিন আহমদ, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক মনির চৌধুরী, অধ্যাপক ফজলে রাব্বী এবং ডা. আলীম চৌধুরীকে মুক্তিযুদ্ধে বিজয়ের পূর্বলগ্নে অপহরণ ও হত্যা ঘটনায় চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের সংশ্লিষ্টতার বিষয় তুলে ধরেন।
এটিএম আজহারের পক্ষে পরবর্তী শুনানি ৩ অক্টোবর
মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের পক্ষে পরবর্তী শুনানির জন্য আগামী ৩ অক্টোবর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে গঠিত তিন সদস্যের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন।