মির্জাপুরে সাংস্কৃতিক আয়োজন
মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ১৯:০৩
টাঙ্গাইল
ওয়ার্ল্ড ব্যাংক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল গত ২১ সেপ্টেম্বর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিমধল্লা ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন। স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী এবং মির্জাপুর শিল্পকলা একাডেমির শিল্পীরা প্রতিনিধি দলের সদস্যদের সম্মানে আয়োজন করেছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই দিন বেলা ১১টায় পরিদর্শক দল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এলে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ অথিতিদের বরণ করে নেন।
চা চক্রের পর পরিদর্শক দলের সদস্যরা স্কুল ও কলেজের বিভিন্ন শ্রেণীতে পরিদর্শন করে ছাত্র-ছাত্রীদের শেণী কক্ষে শিক্ষার মান ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষকদের ধন্যবাদ জানান। পরির্শনের পর অথিতিবৃন্দ কলেজ শাখায় একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় কলেজ পরিচালনা ও শিক্ষকদের পক্ষ থেকে তাদের ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় শিল্পকলা একাডেমির শিক্ষক আমিনুল ইসলাম কচি, শিল্পী নইম হোসেন ও কবি আসাদুজ্জামান বাবুল উপস্থিত ছিলেন।